এ সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী জিনিয়া জাফরিন লুইপা। আধুনিক গান ও সেমি ক্ল্যাসিক্যাল গানেই বেশি সরব তিনি। মৌলিক গান প্রকাশের পাশাপাশি স্টেজ শোতেও নিয়মিত এই গায়িকা। এবার লুইপার কণ্ঠে প্রকাশিত হলো ফোক গান। ইতোমধ্যেই আরটিভি মিউজিকে ‘ফোক স্টেশন- সিজন সিক্স’-এ প্রকাশিত হয়েছে লুইপার গাওয়া ‘আশিকজন দিওয়ানা’ শিরোনামের গানটি। গানটির কথা ও সুর করেছেন গণি পাগল। গানটির সংগীতায়োজন করেছেন তুহিন আহমেদ আল আমিন। ভিডিও নির্দেশনা দিয়েছেন নূর হোসেন হীরা।
এ প্রসঙ্গে লুইপা বলেন, ‘আরটিভি ফোক স্টেশনের আয়োজনে আমার গাওয়া ফোক গানগুলোর এত সুন্দর করে উপস্থাপন করা হচ্ছে এটা ভাবতেই ভালো লাগে। কৃতজ্ঞতা এই আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেককে। এর আগেও আরও দুটি গান এই আয়োজনে গেয়েছি।
আমার দর্শকরা জানিয়েছেন, এই আয়োজনে আমার উপস্থিতি তাদেরকে মুগ্ধ করেছে। এটাই আমার অনেক বড় প্রাপ্তি। কারণ আমাদের সব কষ্ট, সব শ্রম সার্থক হয় যখন শ্রোতা-দর্শক বলেন গান তাদের ভালো লাগছে। আমি ফোক গানে আগামীতে আরও মনোযোগী হব।
এ ছাড়া স্টেজ শোতেও ফোক গানের বিশেষ অনুরোধ থাকে। সেই ভালো লাগা থেকেই আসলে ফোক গানে আরও একটু মনোযোগী হয়ে উঠলাম।’